বিএনপির সংসদে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। আজ রবিবার (১৩ জানুয়ারি) বিকালে রাজধানীর একটি মিলনায়তনে বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এসময় তিনি ‘জামায়াতের সঙ্গে রাজনীতি করবেন না’ এমন মন্তব্য করায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনকে অভিনন্দন জানান।
তিনি বলেন, ড. কামাল জামায়াতের সঙ্গে রাজনীতি করবেন না, আমাদের রাজনীতির সঙ্গে বিলম্বে হলেও ঐকমত্য পোষণ করায় তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
বি চৌধুরী বলেন, বিকল্পধারা বাংলাদেশ মনে করে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এখনও যারা স্বাধীনতাবিরোধী তাদের চূড়ান্ত উপলব্ধির সময় এসেছে।
এ সময় বিএনপির সংসদে যাওয়া উচিত বলে মন্তব্য করেন বিকল্পধারার চেয়ারম্যান।
যুক্তফ্রন্ট চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর একটি বক্তব্য প্রতিধ্বনি করে আমিও বলব, বিএনপির উচিত হবে সংসদে বিরোধী দল হিসেবে তাদের সঠিক ভূমিকা রাখা।
তিনি আরও বলেন, নিজেদের ভুল-ত্রুটি এবং সরকারের ভুল-ত্রুটি সম্পর্কে সংসদে সাহসী উচ্চারণের মাধ্যমে বিএনপি সঠিক ভূমিকা রাখতে পারে। এটা ভবিষ্যতে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি চর্চার জন্য অপরিহার্য।
বি চৌধুরী বলেন, সঠিকভাবে গণতন্ত্রের চর্চা না হলে এবং সংসদকে এই গণতন্ত্রিক চর্চার মূল কেন্দ্র হিসেবে প্রমাণিত করতে না পারলে, সংসদে বিরোধী দল যোগদান না করলে, একদিকে বিরোধী দলের ভবিষ্যৎ, অন্যদিকে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দলের মহাসচিব মেজর (অব:) মান্নান ও মাহী বি চৌধুরীকে সংবর্ধনা দেয় বিকল্প যুবধারা।




