সাভারের আশুলিয়ায় টানা সপ্তম দিনের মত বিক্ষোভ দেখাতে রাস্তায় অবস্থান নিয়েছেন পোশাকশ্রমিকরা। এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন শ্রমিক। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আজ রোববার (১৩ জানুয়ারি) সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ইতিমধ্যে আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুরের অর্ধশতাধিক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায় সূত্র।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামীনূর রহমান জানান, অর্ধশতাধিক গার্মেন্টের শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। তারা ১০টি স্থানে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।

আগে গতকাল শনিবার আশুলিয়ায় রাস্তা আটকে দেন শ্রমিকরা। এসময় সেখানে কয়েক হাজার শ্রমিক অবস্থান নেন। গতকালও কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকার মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে এবং মিরপুর-১৪ নম্বর এলাকাতেও সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। সেখানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।