সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা অনিয়মের তথ্য নিয়ে স্মারকলিপি দিতে জাতীয় ঐক্যফ্রন্টের ৩০০ প্রার্থীর নির্বাচন কমিশনে (ইসি) যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ইসিতে গিয়েছেন ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ধানের শীষের একাধিক প্রার্থী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের বলেন, আজ (বৃহস্পতিবার) বিকেলে ঐক্যফ্রন্টের সব প্রার্থীর নির্বাচন কমিশনে স্মারকলিপি দিতে যাওয়ার কথা ছিল। তবে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল যাবে ইসিতে।
এছাড়াও বৈঠকে নির্বাচনের বিভিন্ন এলাকায় অনিয়মের চিত্র তুলে ধরছেন প্রার্থীরা। এখন করণীয় কী হতে পারে সেই বিষয়ে মতামতও নেওয়া হচ্ছে। এদিকে নবনির্বাচিত এমপিরা জাতীয় সংসদে শপথ নিতে গেলেও জাতীয় ঐক্যফ্রন্টের সাত জন শপথ নিতে যাননি।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জেএসডির আসম আব্দুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান প্রমুখ অংশ নিচ্ছেন।
এরআগে গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়লাভ করে। আওয়ামী লীগ একাই জিতেছে ২৫৭টি আসনে। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। এই নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭টি আসন। বিএনপি এককভাবে পেয়েছে ৫টি। নির্বাচনে এককভাবে ২২টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে জাতীয় পার্টি। একাদশ সংসদে তারাই বিরোধী দল হতে যাচ্ছে।
বিএনপি জোটের সাংসদেরা শপথ না-ও নিতে পারেন বলে জানা গেছে। ইতিমধ্যে তারা ভোটের ফল প্রত্যাখ্যান করেছে।
আওয়ামী লীগের নেতারা বলছেন, নির্বাচিতরা শপথ নেওয়ার এক সপ্তাহের মধ্যে নতুন মন্ত্রিপরিষদ গঠন হবে। বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।




