আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪-দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট যা (আসন) পেয়েছে, তা নিয়েই তাদের সংসদে আসা উচিত। অতীতের মতো ভুলের পুনরাবৃত্তি করা ভাল হবে না। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কারণ অতীতের ভুলের জন্য অনেক ক্ষতি ইতোমধ্যে হয়েছে দলটির। আমরা আহ্বান জানাচ্ছি তারা (বিএনপি) যেন মাথা গরম না করে রাজনীতিতে ইতিবাচক ধারায় ফিরে আসে।

বুধবার (২জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় ১৪-দলীয় জোটের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ১৪-দলীয় মুখপাত্র এ আহ্বান জানান।

মোহাম্মদ নাসিম বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যবেক্ষকরা বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। শুধু বিএনপির নেতারাই এ ধরনের অভিযোগ করছেন। আসলে তারা অহেতুক কথা বলেছেন। অভিযোগ করা তাদের একটা স্বভাব হয়ে গেছে। এসব অভিযোগ না করে বিএনপির এখন আত্মসমালোচনা করা উচিত।

নাসিম বলেন, মহাজোটের এই বিশাল জয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণ স্বাধীনতাবিরোধী শক্তিকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে। এই অবিস্মরণীয় বিজয়ের মাধ্যমে জনগণ সন্ত্রাসী দলকে ইতিমধ্যে নিষিদ্ধ করেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচনকে আমরা হালকাভাবে নেইনি। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা দিনরাত প্রচার চালিয়েছে। তরুণ ও নারীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট প্রদান করেছেন, তাতে পরিষ্কার বোঝা যায়, জনগণ জঙ্গিবাদী-সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্ব চায় না। তার জন্য আমাদের বড় বিজয় হয়েছে।

নাসিমের ভাষ্য, নির্বাচন নিয়ে জনমনে আশঙ্কা ছিল। নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালিয়েছিল বিএনপি-জামায়াত। কিন্তু বাংলার জনগণের ঐক্যবদ্ধ থাকায় তারা সেই অপকর্ম করতে পারেনি।

পুনর্নির্বাচনের দাবির বিষয়ে এই নেতা বলেন, পুননির্বাচনে দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিতে যাওয়া হাস্যকর ব্যাপার। নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া থেকে বিরত থেকে রাজনীতিতে ইতিবাচক ধারায় ফিরে আসার আহ্বান জানান নাসিম।

তিনি আরও বলেন, সারা বিশ্ব থেকে যেখানে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হচ্ছে, সেখানে স্মারকলিপি দেওয়া হাস্যকর। ইতোমধ্যে ভারত, চিনসহ অনেক রাষ্ট্র প্রধান ফোন করে অভিনন্দন জানিয়েছে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।