সড়ক দুর্ঘটনায় দুইজন নারী গার্মেন্টস শ্রমিক নিহত হওয়ার ঘটনায় সড়কে নেমে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় ১৫-২০টি গাড়ি ভাঙচুর করে। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আজ রোববার (১ জানুয়ারি) দুপুরের দিকে ওই দুই নারী রাজধানীর হাতিরঝিল এলাকায় বাসের নিচে চাপা পড়েন। রামপুরা থানার ওসি এনামুল হক বিডি২৪লাইভকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নাহিদ পারভীন পলি ও ১৩ বছর বয়সী মিম। তাদের দুজনের বাসা মালিবাগ পদ্মা সিনেমা হলের বিপরীতে। তারা এমএইচ গার্মেন্ট শ্রমিক হিসেবে কাজ করতো।
ওসি জানান, দুই শ্রমিককে চাপা দেওয়া বাসটি জব্দ এবং তার চালককে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনায় দুই নারী শ্রমিক নিহত হওয়ার পর বিক্ষুব্ধ শ্রমিকরা কিছু গাড়ি ভাঙচুর করেছে। তবে আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি। এখন পরিবেশ শান্ত।
দুর্ঘটনায় তাদের মৃত্যুর খবর শুনে গার্মেন্ট শ্রমিকরা মালিবাগে আবুল হোটেলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এবং গাড়ি ভাঙচুর করে।





