বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের প্রশংসা করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র এই প্রশংসা করে এক বিবৃতি দিয়েছেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সোমবারের (৩১ ডিসেম্বর) বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিচ নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে বিরত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের এই মুখপাত্র বলেন, ‘আমরা প্রার্থী ও ভোটারদের প্রাণহানি ও আহত হওয়ার সংবাদে দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, তারা নির্বাচনে সহিংসতা এবং অনিয়মের যে খবর প্রকাশ হয়েছে সে বিষয়ে জানেন।

প্রসঙ্গত, গত রোববার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন জেলায় সংহিসতার ঘটনা ঘটে। এতে দেশজুড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। এর মধ্যে ১০ জন আওয়ামী লীগের নেতাকর্মী বলে দাবি করেছে আওয়ামী লীগ।

নির্বাচনে মহাজোটের মহা বিজয় হয়েছে। এই নির্বাচনের মধ্যে দিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে আওয়ামী লীগ।

একই সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে হ্যাটট্রিক করেছেন শেখ হাসিনা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৫৯ আসনে জয়ী হয়েছে। ওয়াকার্স পার্টি ৩, জাসদ ২, বিকল্পধারা ২, তরিকত ফেডারেশন ১, জাতীয় পার্টি ২০, জেপি (মঞ্জু) ১, বিএনপি ৫, গণফোরাম ২, স্বতন্ত্র ৩ প্রার্থী জয়ী হয়েছেন।