সদ্য অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের বিরোধী দলগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে নির্বাচনকালে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্বসংস্থাটি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সোমবার এক বিবৃতিতে জাতিসংঘ মুখপাত্র এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা প্রার্থী ও ভোটারদের প্রাণহানি ও আহত হওয়ার সংবাদে দুঃখ প্রকাশ করছি।’

মুখপাত্র বলেন, তারা নির্বাচনে সহিংসতা এবং অনিয়মের যে খবর প্রকাশ হয়েছে সে বিষয়ে জানেন। পাশাপাশি নির্বাচন-পরবর্তী সহিংসতা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে।

মিডিয়ার খবরের ওপর ভিত্তি করে বিবৃতিতে বলা হয়, নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি টানা তৃতীয়বার নির্বাচিত হলেন। তবে বিরোধীরা জালিয়াতির ভোট আখ্যা দিয়ে এ ফলকে প্রত্যাখ্যান করেছে।

১০ বছরের মধ্যে প্রথমবারের মতো সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনের ওপর ওই বিবৃতিতে সব পক্ষকে (সহিংসতা) থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, নির্বাচন-পরবর্তী পরিবেশকে শান্তিপূর্ণ নিশ্চিত করতে হবে, যেখানে মানুষ সভা সমাবেশ ও মতপ্রকাশ করতে পারে।

এতে আরো বলা হয়, নির্বাচন সংক্রান্ত অভিযোগকে শান্তিপূর্ণ উপায়ে ও আইনগত উপায়ে তুলে ধরার জন্য আমরা সব দলকে উৎসাহিত করি। এতে আরো বলা হয়, মানুষ ও তাদের সহায় সম্পত্তির ওপর সহিংসতা গ্রহণযোগ্য নয়।