সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের কাছে আর্থিক সুবিধা চাওয়া প্রতারক চক্রের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বুধবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী গত ২৪ ডিসেম্বর হতে বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর সুনাম ও গ্রহণযোগ্যতাকে পুঁজি করে একদল প্রতারক চক্র নিজেদেরকে সেনাবাহিনীর অফিসার পরিচয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে মাঠে নেমেছে।

সম্প্রতি এ ধরনের কিছু অসাধু ব্যক্তি নিজেদেরকে সেনাবাহিনীর লে. কর্নেল অথবা তদূর্ধ্ব পদবির অফিসার পরিচয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরকে ফোন করে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের বিনিময়ে অর্থের চাহিদা করছে। ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ ধরনের কতিপয় ভুয়া সেনাবাহিনীর অফিসার পরিচয়দানকারী ব্যক্তিকে গ্রেফতারও করেছে বলে জানানো হয়। ভবিষ্যতেও এসব অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তিদের এ ধরণের অনৈতিক কার্যকলাপ চালানোর সম্ভাবনা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন ও তাৎক্ষণিকভাবে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে ২৪ ডিসেম্বর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে সতর্কতামূলক বিজ্ঞপ্তি দেয়া হয়।