স্বতন্ত্র প্রার্থীদের সংসদে যাওয়া ঠেকাতেই এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহের মতো ‘জটিল নিয়ম’ আইনে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন আলোচিত মডেল ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘স্বতন্ত্র এমপি প্রার্থী ঐক্য পরিষদ’ এর ব্যানারে এক সভায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হিরো আলম।

এসময় তিনি বলেন, আমাকে নিয়ে লেখালেখি করায় অনেকেই মিডিয়া পারসনদের দোষ দিচ্ছেন। মিডিয়া পারসন নাকি আমাকে নিয়ে লাফালাফি করতেছে। হিরো আলমকে নিয়ে মিডিয়া পাগল হয়ে গিয়েছে। যারা আমাকে পাগল বলে, মিডিয়াকে পাগল বলে, তারাই পাগল। মিডিয়া একটি প্রতিভাকে জাতির সামনে তুলে ধরছে, সম্মান দিচ্ছে। যদি আমরা সাধারণ মানুষ পাগল হই, তাহলে ওরাও পাগল। কারণ, তারা একজন প্রতিভাকে সম্মান দিতে জানে না। প্রতিভাকে গলা টিপে মেরে ফেলছে।

হিরো আলম মন্তব্য করেন, বর্তমানে কেউ সত্যি কথা বললে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় বা তাকে এলাকা ছাড়তে হয়। এখন জনগণ নতুন কাউকে নেতৃত্বে দেখতে চায়।

তিনি আরও বলেন, ‘বর্তমানে জনগণ আওয়ামী লীগ-বিএনপি সরকার হবে তা চায় না। দুটি দলের একটিকেও কেউ চায় না। তারা চাইছে স্বতন্ত্র প্রার্থীকে। সরকার পরিকল্পিতভাবে এমন আইন করছে যাতে স্বতন্ত্র প্রার্থী না আসতে পারে।’

আলোচিত এ অভিনেতা বলেন, আমরা যখন নতুনদের নিয়ে দেশ গড়তে চাই, তখন তারাই নতুনদের সামনে আসতে দিচ্ছে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে সোনার বাংলা করতে চাই। আপনারা তা না করে এককভাবে ক্ষমতা দখল করে বসে থাকতে চান। আমরা দেশটাকে সোনার বাংলা করতে চাই। আমরা রাজনীতি নিয়ে ব্যবসা করতে চাই না। আপনারা রাজনীতি নিয়ে ব্যবসা শুরু করেছেন। এ ব্যবসা বন্ধ করে সামনে আমাদের এগিয়ে যে‌তে দেন।’