নির্বাচন কমিশনের বাছাইতে বিএনপি জোটের প্রার্থীদের ৮০ জনের মনোনয়নপত্র বাতিল করে সরকারি দলের জয়লাভকে এগিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও এলডিপির সভাপতি অলি আহমেদ। তিনি বলেন, ‘এভাবে হলে বিরোধী দলে আমরা যারা আছি, আমাদের পক্ষে শেষ পর্যন্ত নির্বাচনে টিকে থাকা হয়তো সম্ভব হবে না।’ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
রবিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এর আগে জোটের বৈঠক অনুষ্ঠিত হয়।
অলি আহমেদ বলেন, ‘আজকে যে বাছাই ছিল সেখানে বেগম খালেদা জিয়াসহ প্রায় ৮০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি বলবো, এটা বিরোধী দলকে বের করে দেওয়া হয়েছে। অর্থাৎ, তাদের (সরকারি দল) জয়লাভের পথটা এগিয়ে রেখেছে। এভাবে হলে বিরোধী দলে আমরা যারা আছি, আমাদের পক্ষে শেষ পর্যন্ত নির্বাচনে টিকে থাকা হয়তো সম্ভব হবে না।’
তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে -আমরা সেটা বিশ্বাস করেছিলাম। কিন্তু কার্যকলাপ যা দেখছি, তা আদৌ সন্তোষজনক নয়। বিরোধীদলে আমরা যারা আছি, আমাদের পক্ষে শেষ পর্যন্ত টিকে থাকা সম্ভব হবে না।
অলি আহমেদ আরও বলেন, মনোনয়ন বাছাইয়ে একের পর এক বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হওয়ায় ২০ দলীয় জোটের আগামী একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন কারাবন্দি খালেদা জিয়াসহ বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক, মীর মো. নাসির, চেয়ারপারসনের উপদেষ্টা আমন উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুল, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী, মোস্তফা মহসিন মন্টু, রেজা কিবরিয়াসহ বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্টের অন্তত ৮০ প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল হয়েছে।





