একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে রোববার সারা দেশে বিভিন্ন দলের ও স্বতন্ত্র ৭৮৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তথ্যগত ত্রুটি ও নানাবিধ অসঙ্গতিসহ ঋণখেলাপি, কারাদণ্ডাদেশ পাওয়াসহ নানা কারণে তাঁদের প্রার্থিতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তবে মনোনয়নপত্র বাতিল হয়েছে যাদের তাদের মধ্যে আলোচনা বেশী হচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, আওয়ামীলীগের সাবেক এমপি গোলাম মওলা রনি, ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচনেচ্ছু আওয়ামীলীগের সাবেক মন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া, জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ অনেক নেতাকে নিয়ে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন জমা দেয় ৩ হাজার ৬৫ প্রার্থী। তাদের মধ্যে ৭৮৬ জন বাদ পড়ায় এখন এই নির্বাচনে অংশ নিতে আগ্রহী বৈধপ্রার্থীর সংখ্যা ২ হাজার ২৭৯ জন।

প্রসঙ্গত, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ৩, ৪ ও ৫ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলের ওপর শুনানি হবে ৬, ৭ ও ৮ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর।