সংলাপ, আন্দোলন, নির্বাচন একসাথে চলবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। বুধবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত মানববন্ধনে মওদুদ আহমদ এসব কথা বলেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সংলাপে সাত দফার আলোকেই আলোচনা হবে মন্তব্য করে সাবেক আইনমন্ত্রী বলেন, ‘সংলাপ-আন্দোলন-নির্বাচন একসঙ্গে চলবে। যত দিন পর্যন্ত দাবি আদায় না হবে, তত দিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘এত দিন যাবৎ যে কৌশল নিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি, সেটি ফলপ্রসূ হয়েছে। সরকার সংলাপ করতে সম্মত হয়েছে। দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের মন্ত্রীরা সংলাপে নাকচ থাকলেও এখন তারা দেশের মানুষের মনের কথা উপলব্ধি করায় তাদের ধন্যবাদ জানাই।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, রুহুল আলম চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।





