ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেননি বিকল্পধারার প্রধান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী)। তিনি শনিবার (১৩ অক্টোবর) সংবাদ সম্মেলন করে বলেছেন, স্বাধীনতা বিরোধীদের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সঙ্গ ত্যাগ না করলে আজ থেকে বিএনপির সঙ্গে কোনো ধরনের বৈঠকে বসবে না বিকল্পধারা। রাজধানীর বারিধারায় নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিকল্পধারার মহাসচিব মেজর মান্নানসহ বিকল্পধারার নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী বলেন, বিকল্পধারা বিএনপিকে শর্ত দিয়েছিল, জামায়াতের সঙ্গ ত্যাগ করলে তারা জাতীয় ঐক্যে যোগ দেবে। কিন্তু বিএনপি সেই শর্ত মানেনি। সেই কারণেই তাঁরা জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেননি।
এর আগে জাতীয় প্রেসক্লাবে শনিবার সন্ধ্যা ছয়টার পর সংবাদ সম্মেলন করে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও খন্দকার মোশাররফ হোসেন, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না প্রমুখ।
সূচনা বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, এই ঐক্য কোনো দলের স্বার্থে নয়। জাতীয় স্বার্থে এই ঐক্য করা হয়েছে। সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে ৭ দফা দাবি ও ১১টি লক্ষ্য ঘোষণা করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
প্রসঙ্গত, এর আগে আজ রাজধানীর মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তৃতীয় তলায় ড. কামাল হোসেনের চেম্বারে দফায় দফায় বৈঠক করেন ঐক্যফ্রন্টের নেতারা।
বিকেল ৫টায় রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যুক্ত নেতাদের ও বিএনপি নেতাদের বৈঠক হওয়ার কথা ছিল। কথা ছিল বৈঠকের পরই ঘোষণা হবে বৃহত্তর জাতীয় ঐক্য প্রক্রিয়া।
কিন্তু এরই মধ্যে রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নেতারা বৈঠক করেন। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কামাল হোসেনের চেম্বার থেকে বের হয়ে যান। এ সময় গণমাধ্যমের সঙ্গে তিনি কোনো কথা বলেননি। ড. কামাল হোসেনের চেম্বার থেকে বেরিয়ে তিনি পাশেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের চেম্বারে যান। পরে আবার ৪টার দিকে ড. কামালের চেম্বারে প্রবেশ করেন তিনি।
দুপুরের ওই বৈঠকে ছিলেন না যুক্তফ্রন্টের চেয়ারম্যান বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কি এম বদরুদ্দোজা চৌধুরী এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর মান্না।
এদিকে বিকেল পৌনে ৪টার দিকে বদরুদ্দোজা চৌধুরী ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় গিয়ে কাউকে না পেয়ে ফিরে যান। বিকেল ৪টার দিকে মতিঝিলের ড. কামালের চেম্বারে যান মাহমুদুর রহমান মান্না।





