সামনে আসছে জাতীয় নির্বাচন। এ নিয়ে সবার মধ্যে কাজ করছে অন্য রকম এক উত্তেজনা। একের পর এক প্রকাশ পাচ্ছে সমালোচিত সব মন্তব্য। আর এবারের নির্বাচনে সবচেয়ে আলোচনায় আছে জাতীয় ঐক্য। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বিকল্পধারা বাংলাদেশকে বাদ দিয়েই ঘোষণা করা হলো জাতীয় ঐক্যফ্রন্ট। বি. চৌধুরীর দল বিকল্প ধারাকে বাদ দেয়ার ফলে জাতীয় ঐক্যে থাকছে বিএনপি, গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক ঐক্য।
শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিকল্পধারাকে বাদ দিয়েই জাতীয় ঐক্য ঘোষণা করা হয়।ড. কামালের আনুষ্ঠানিক ঘোষণার পর এই জোটের নামকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না। এ সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা ও ১১টি লক্ষ্য পাঠ করেন তিনি।
এর আগে শনিবার বিকেলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্য প্রক্রিয়ার শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এ সিদ্ধান্ত এসেছে। তারও আগে ড. কামাল হোসেনের বাড়ির সামনে থেকে ফিরে যান বি. চৌধুরী। শনিবার বিকেল ৩টায় ড. কামালের বাসভবনে দুই নেতার বৈঠক হওয়ার কথা ছিল। সে অনুযায়ী বি. চৌধুরী এসেছিলেন। কিন্তু এসে বাসার দরজা বন্ধ দেখতে পেয়ে চলে যান।
এ ঘটনার পর জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে বি. চৌধুরী ও তার দল বাদ পড়ার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে আজ শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন আহ্বান করেছে উভয় পক্ষ। বি.চৌধুরীর পক্ষে বারিধারায় তার বাসভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসা থেকে ফিরে যাওয়ার সময় বি.চৌধুরীর ছেলে মাহী বি. চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমরা ড. কামাল হোসেনের আমন্ত্রণে তার বাড়িতে এসেছিলাম। কিন্তু বাসার দরজা খোলেননি কেউ।
এদিকে, দুপুর থেকেই মতিঝিলে নিজের চেম্বারে ছিলেন ড. কামাল হোসেন। ঐক্য প্রক্রিয়ার বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর থেকেই ড. কামাল হোসেন তার মতিঝিলের চেম্বারে দফায় দফায় বৈঠক করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আসম আবদুর রব, গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ আরও কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে। পরে সমন্বিত বৈঠকে বসেন তারা। ওই বৈঠকে ব্যারিস্টার মঈনুল হোসেন ও মাহমুদুর রহমান মান্না অংশ নেন।





