২০০৪ সালের ২১ আগস্ট, বাংলাদেশের ইতিহাসে একটি ভয়ালতম দিন ছিল এটি। এই দিনে জন সমাবেশে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটুর জন্য জঙ্গিদের হামলা থেকে প্রানে বাঁচেন। কিন্তু নিহত হয় একাধিক নেতাকর্মীরা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সেই বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে আজ। রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন আজ বুধবার এ রায় ঘোষণা করেন।
রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের ফাঁসি ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
এ রায়কে কেন্দ্র করে মধ্যরাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৩ টার দিকে জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় এ ঘটনা ঘটে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর পরই রায়ের প্রতিবাদে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে আনন্দ মিছিল নিয়ে হাজির হন। এ সময় তারা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করে মিষ্টি খাইয়ে আনন্দ-উল্লাস করেন।
শুরুতে নির্দিষ্ট দূরত্বে উভয় দলই স্লোগান দিতে থাকে। একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের দিকে এগিয়ে গেলে দুদলের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
একপর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় রায়ে হতাশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।





