২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় বুধবার (১০ অক্টোবর) ঘোষণা করা হবে। এই মামলায় দলের নেতাদের সর্বোচ্চ সাজা হলেও কঠোর কর্মসূচিতে বিএনপি যাবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

রায়ের আগের আজ মঙ্গলবার (৯ অক্টোবর) সন্ধ্যায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নে রিজভী বলেন, ‘দেখি কী রায় হয়। যে রায়ই হোক না কেন বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি দেবে।’

সরকার নানাভাবে নিজেরাই নাশকতার করে ‘উদোর পিন্ডি বুধোর ঘাড়ে’ চাপাতে পারে বলেও দলীয় নেতাকর্মীদের সতর্ক করেন রিজভী। সরকারের উস্কানিতে বিভ্রান্ত না হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।

এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, মামলায় রায় দেখে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি দিতে পারে দলটি। এক্ষেত্রে সারা দেশের জেলা সদরে এবং বিভাগীয় শহরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি দেয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির।

বিএনপির একাধিক নীতিনির্ধারক জানিয়েছেন, খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের দাবি নিয়ে মাঠে সোচ্চার রয়েছে বিএনপি। এ নিয়ে হয়তো তাদের সামনে কঠোর আন্দোলনে যেতে হবে। তাই গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের সাজা হলেও ইস্যুটিকে সামনে আনতে চাইছে না দল। কারণ, এটিকে সামনে আনা হলে খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের দাবি চাপা পড়ে যাবে।

বুধবার আলোচিত এই মামলার রায় ঘোষণা হবে যেখানে আসামিদের মধ্যে রয়েছেন, তারেক রহমান, বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিণ্টু, খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়। সে সময়ের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এই হামলায় ২৩ জন নিহত হয়, আহত হয় কয়েকশ।