পদত্যাগী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের(বিএনএফ) আহবায়ক ব্যারিস্টার নাজমুল হুদা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সোমবার বিকালে নিজে থানায় গিয়ে মামলাটি করেন সাবেক এই মন্ত্রী।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে।
ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপির প্রথম স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি জোট সরকারের আমলে যোগাযোগমন্ত্রী ছিলেন। নাজমুল হুদা বর্তমানে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি। এই জোট আওয়ামী লীগ নেতৃত্বাধীনে জোটে থাকার ইচ্ছা প্রকাশ করেছে।
এদিকে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবৈধ সম্পদের মাধ্যমে বাড়ি কেনা ও অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগ আছে, যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে এসকে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের একটি বাড়ি কেনেন এসকে সিনহা। প্রায় চার হাজার স্কয়ার ফিটের বাড়িটির বাসিন্দা এসকে সিনহা নিজে।





