বিএনপি গত মঙ্গলবার সম্মেলন করে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার সিদ্ধান্ত জানায়। একই দিনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলও মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করার পাশাপাশি ‘ঢাকা দখলে রাখার’ ঘোষণা দেয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা তৈরি হলে পরে ‘সংঘাত এড়াতে’ রাজপথে না থাকার সিদ্ধান্ত জানায়। এদিকে আজ শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালের দিকে ফের জনসভার তারিখ পরিবর্তন করে বিএনপি। শনিবারের তারিখ পরিবর্তন করে রবিবার দিন ঠিক করে তারা।
তবে বিএনপির তারিখ পরিবর্তনের আগে শুক্রবার সকালে দলীয় নেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর বাফুফে মাঠে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত কুরআনখানি, রক্তদান কর্মসূচি, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ওবায়দুল কাদের।
বক্তব্যে কাদের ঢাকা দখলে রাখার হুমকিদাতাদের প্রতি হুঁশিয়ারি দেন। বলেন, ‘বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কোনো কর্মসূচিতে আওয়ামী লীগ না গেলেও কোনো ধরনের ‘অরাজকতা’ সৃষ্টির চেষ্টা হলে ‘জনগণকে সঙ্গে নিয়ে’ তা প্রতিহত করা হবে।’
‘যারা দেশ অচল করতে চায়, ঢাকা অচল করতে চায়, আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের অচল করে দেব।’
কাদের বলেন, ‘অনেকে ঢাকা দখলের হুমকি দিচ্ছে। আমরা কি ঘরে বসে ডুগডুগি বাজাব? তারা আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছে। ঢাকা দখলের হুমকি দিচ্ছে। আমরা অচল-দখলের রাজনীতি করি না।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা তৈরি হোন, প্রস্তুত হোন। যারা ঢাকা অচলের হুমকি দেয়, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের অচল করে দেব।’
কাদের বলেন, ‘পাড়া-মহল্লায় জনগণের কাছে গিয়ে এ অশুভ শক্তির বিরুদ্ধে জনগণকে সতর্ক করব। নৌকাকে বিজয়ের বন্দরে নিয়ে যাব। তাদের টার্গেট আর কিছু নয়, শেখ হাসিনাকে হটানো মূল টার্গেট। লন্ডন, দুবাইসহ সব যায়গায় বসে তারা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘৭৫ এর ১৫ আগস্ট, ২০০৪ সালের ২১ আগস্ট আর ২০১৮ সাল এক নয়। শেখ হাসিনার কিছু হলে সারা বাংলায় আগুন জ্বলবে। আর সে আগুনে সকল অশুভ শক্তির আড্ডাখানা পুড়িয়ে যাবে।’
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে আলোচনা করেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় প্রমুখ।





