মরা গাঙে আর ঢেউ উঠবে না- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন আর জমবে না। মরা গাঙে আর ঢেউ উঠবে না। এ ঘাটে আন্দোলনের জোয়ার আর আসবে না। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সারাদেশে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় দোয়া ও প্রার্থনা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, জাতিসংঘে ভাষণ দিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের মন জয় করেছেন। তারা অবাক হয়ে মন্ত্রমুগ্ধের মতো শেখ হাসিনার বক্তৃতা শুনেছেন। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বিশ্ব নেতারা যখন শেখ হাসিনার প্রসংসা করছে তখন বিএনপি-জামায়াতের কিছু সংখ্যক লোক ষড়যন্ত্র করছে

বিএনপির দখলে নয়, অক্টোবরে মাঠ থাকবে আওয়ামী লীগের দখলে থাকবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ আগে থেকেই মাঠে আছে। অক্টোবর থেকে আওয়ামী লীগ পাড়া-মহল্লায় যাবে ভোট প্রার্থনার জন্য। এই ভোটের সময় কেউ নৈরাজ্য সৃষ্টি করলে তাদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যাগে আয়োজিত এ অনুষ্ঠানে কর্মক্ষম গরীব দুঃস্থ মানুষদের মাঝে রিক্সা ও ভ্যান বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ১০০ জনের মাঝে ভ্যান ও রিক্সা বিতরণ করেন ওবায়দুল কাদের। রিক্সা ও ভ্যান বোঝাই আরও ৪টি ট্রাক টুঙ্গিপাড়া, কোটালি পাড়া, পঞ্চগড় ও ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়। সেখানকার গরীব ও দুঃস্থদের মাঝে এসব রিক্সা-ভ্যান বিতরণ করা হবে।

অনুষ্ঠানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বক্তব্য রাখেন । এ সময় উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিদ নন্দী রায়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, সারাদেশে আনন্দ, বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে যখন শেখ হাসিনার জন্মদিন পালন হচ্ছে তখন তিনি অবস্থান করছেন সুদূর যুক্তরাষ্ট্রে, জাতিসংঘ সাধরণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।