বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন চিকিৎসকরা। প্রায় ১ ঘণ্টা ৫ মিনিট পর সেখান থেকে বের হয়ে আসেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা প্রায় ২০ মিনিট ধরে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। রোববার চিকিৎসকেরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে খালেদা জিয়ার জন্য ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দেবেন।
মেডিকেল বোর্ডে রয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী (ইন্টারনাল মেডিসিন), অধ্যাপক হারিসুল হক (কার্ডিওলজি), অধ্যাপক আবু জাফর চৌধুরী (অর্থোপেডিক সার্জারি), সহযোগী অধ্যাপক তারেক রেজা আলী (চক্ষু) ও সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ (ফিজিক্যাল মেডিসিন)।
পাঁচ সদস্যের গঠিত মেডিকেল বোর্ড শনিবার (১৫ সেপ্টেম্বর) পুরনো কেন্দ্রীয় কারাগারে স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাদের কাছে প্রশ্ন করেন, ‘আমার চিকিৎসকরা কোথায়?’ তার প্রশ্নের উত্তরে চিকিৎসকরা বলেন, ‘আমরা এসেছি আপনার স্বাস্থ্যের খবর নিতে ও চিকিৎসা দিতে।’
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিকেল বোর্ডের সদস্যদের কাছে খালেদা জিয়া তার সমস্যার কথা বলেছেন।
বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য পরীক্ষা শেষে গঠিত মেডিকেল বোর্ডের প্রধান বিএসএমএমইউর মেডিসিন বিভাগের অধ্যাপক ডা.এম এ জলিল।তিনি জানান, খালেদা জিয়া প্রথমে আমাদের দেখে উনার চিকিৎসকরা কই-বলে জানতে চান। পরে আমি বললাম, আমরা এসেছি, আপনার স্বাস্থ্যের খোঁজ নিতে ও চিকিৎসা দিতে। পরে তিনি আমাদের কাছে উনার সমস্যার কথা বলেন।
উনার (খালেদা জিয়া) হাতে-পায়ে সমস্যা আছে জানিয়ে অধ্যাপক এম এ জলিল বলেন, উনার হাতে-পায়ে সমস্যা আছে। আগে থেকেই এসব সমস্যার কারণে চিকিৎসকদের পরামর্শে তিনি অনেক ওষুধ খাচ্ছেন। আগামী সোমবার খালেদা জিয়ার সমস্যাগুলো নিয়ে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড আমরা একসঙ্গে বসবো। তারপর জেল কর্তৃপক্ষকে জানানো হবে খালেদা জিয়ার চিকিৎসার করণীয় কী, কী।
এ বিষয়ে বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন জানান, আশা করি সোমবার দুপুরের আগে কারা কর্তৃপক্ষকে খালেদা জিয়ার চিকিৎসার করণীয় বিষয়ে একটি ব্যবস্থাপত্র দেবে মেডিকেল বোর্ড।





