লালমনিরহাটে দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কের একটি গুরুত্বপূর্ণ সেতুর অ্যাপ্রোচ ধসে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে তিস্তা নদীর প্রবল পানির স্রোতে সেতুর উত্তর অংশের সংযোগ সড়কের একটি সেতুর অ্যাপ্রোচ ধসে যায়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এতে প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ১৬ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বহুল প্রত্যাশিত দ্বিতীয় তিস্তা সেতুর উদ্বোধনের বিষয়টি অনেকটাই অনিশ্চিত বলে আশংকা করা হচ্ছে। এলজিইডি বিভাগ জরুরিভাবে সংযোগ স্থাপনের ব্যাপক তৎপরতা শুরু করেছে এবং জেলা প্রশাসন ও এলজিইডি বিভাগের প্রত্যাশা নির্ধারিত সময়ে সেতুটির উদ্বোধন হবে।
জানা গেছে, বুড়িমারী স্থলবন্দরসহ জেলার ৪টি উপজেলা আদিতমারী, কালিগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রামের সঙ্গে রাজধানী ঢাকা ও বিভাগীয় শহর রংপুরের দূরত্ব কমিয়ে আনতে তিস্তা নদীর ওপর কাকিনা-মহিপুর রুটে তিস্তা নদীর উপর দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।
বিগত ২০১২ সালের ২০ সেপ্টেম্বর কালেক্টরেট মাঠ থেকে এ সেতুর নির্মাণ কাজের ভিক্তিপ্রস্তর ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে সেতুর কাজ ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নাভানা কনস্ট্রাকশনের কাছ থেকে বুঝে নিয়েছে সরকরের বাস্তবায়নকারী সংস্থা এলজিইডি বিভাগ।
লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস.এম জাকিউর রহমান জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও নদীর গতিপথ পরিবর্তনের ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে এতে আগামী রোববার প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধনের কোন সমস্যা হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন, ধসে যাওয়া অংশ দ্রুত মেরামতে কাজ করছে এলজিইডি বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠান যথাসময়ে হবে বলে তিনিও আশাবাদ ব্যক্ত করেছেন।





