বাংলাদেশ সহ বেশকিছু দেশে কূটনৈতিক মিশনে ব্যাপক পরিবর্তন আনছে ভারত। ঢাকায় নিয়োজিত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে বদলি করে পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে বর্তমানে ভারতের রাষ্ট্রদূত নভতেজ সারনা। এ বছরের শেষ নাগাদ তিনি অবসরে যাচ্ছেন। ফলে তার স্থানে বসানো হচ্ছে হর্ষ বর্ধন শ্রিংলাকে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আর বাংলাদেশে হাইকমিশনার হয়ে আসতে পারেন রিভা গাঙ্গুলি দাস। তিনি বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক বিভাগ- আইসিসিআর-এর মহাপরিচালক। এক সঙ্গে ৯টি দেশে এমন পরিবর্তন আনছে ভারত। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, থাইল্যান্ড, যুক্তরাজ্য, মিয়ানমার, স্পেন ও রাশিয়া। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
ভারতের নতুন পরিকল্পনা অনুসারে, চীনে গৌতম বাম্বাওয়ালের জায়গায় পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত হতে পারেন বিক্রম মিসরি। বর্তমানে মিয়ানমারে ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন মিসরি। আর মিসরির জায়গায় বদলি হতে পারেন ইরানে নিযুক্ত রাষ্ট্রদূত সৌরভ কুমার।
জাপানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুজন চিনয় খুব শিগগিরই অবসরে যাবেন। তবে সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী অক্টোবরে টোকিও সফর পর্যন্ত চিনয়কে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এরপর তার জায়গায় নিযুক্ত হতে পারেন বর্তমান অতিরিক্ত সচিব সঞ্জয় বর্মা।
এছাড়া থাইল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত ভগবন্ত বিষ্ণুর স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে কেনিয়ায় নিযুক্ত হাই-কমিশনার সুচিত্রা দুইরাইয়ের। যুক্তরাজ্যে নিযুক্ত হাই-কমিশনার যশ সিনহার জায়গায় বদলি হতে পারেন রুচি ঘনশ্যাম।
রাশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে পঙ্কজ সারানের জায়গায় বদলি হতে পারেন বর্তমানে স্পেনে নিযুক্ত রাষ্ট্রদূত ভেঙ্কাটেশ বর্মা। আর তার জায়গায় পাঠানো হতে পারে বর্তমানে প্রোটোকল প্রধানের দায়িত্ব পালন করা সঞ্জয় বর্মাকে।





