শনিবার রাতে কুমিল্লায় আয়েশা আক্তার রিমা (২৫) নামের অন্তঃসত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। কুমিল্লা মহানগরীর মনোহরপুর এলাকার একটি বাসা থেকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে রবিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামী নাছির উদ্দিনকে (২৯) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনার পর থেকে ভাসুর মাছুম ও তার স্ত্রী শাহনাজ বেগম পলাতক রয়েছে।

স্থানীয় বিশেষ সূত্রে জানা যায় যে, কুমিল্লা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনী এলাকার মনিপুর গ্রামের বাহার মিয়ার মেয়ে আয়েশা আক্তার রিমার সঙ্গে নগরীর মনোহরপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে নাছির উদ্দিনের সঙ্গে প্রায় ৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়।

বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না। তাদের নাহিদ নামে ৩ বছরের এক পুত্র সন্তান রয়েছে। এছাড়াও রিমা বর্তমানে ৭ মাসের অন্তঃসত্বা ছিল বলে জানা যায়। এদিকে, যৌথ পরিবারে বিশেষ করে ভাসুর মাছুম ও তার স্ত্রী শাহনাজ বেগমের সঙ্গে দীর্ঘদিন যাবত সাংসারিক বিরোধ চলে আসছিল।

মৃত ঐ গৃহবধূর শাশুড়ি বলেন, আয়েশা মারা যাওয়ার সময় আমি বাসায় ছিলাম না। সে কিভাবে মারা গেছে তা জানি না। এদিকে ময়নাতদন্ত শেষে ওই গৃহবধূর লাশ রবিবার বিকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাদ আসর নামাজে জানাজা শেষে গৃহবধূ আয়শা আক্তার রিমার লাশ মনিপুর পিতার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে আয়েশার বড় ভাই হাবিব বলেন, গত শনিবার রাত ৯টার দিকে রিমার ননদ মরিয়ম ফোনে জানান রিমা অসুুস্থ হওয়ায় কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত দশটার দিয়ে আমি তাদের বাড়ি গিয়ে ঘরের ফ্লোরে আয়েশার লাশ দেখতে পাই। তার অভিযোগ, স্বামীসহ পরিবারের লোকজন পরিকল্পিতভাবে আমার বোনকে হত্যা করেছে।

আর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া সাংবাদিকদের জানান, এ বিষয়ে আমাদের তদন্ত চলছে। আর আমরা জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী নাছির উদ্দিনকে আটক করেছি।

এদিকে এই চাঞ্চল্যকর ঘটনায় ওই গৃহবধূর স্বজনদের আহাজারীতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।