চট্টগ্রাম জেলার মিরাসরাইয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক উপ-পরিদর্শকের ২৯ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ মিনি ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আজ (৩১ আগস্ট) রোজ শুক্রবার ভোরে মিরসরাই থানার রেদোয়ান পেট্রল পাম্প সংলগ্ন এলাকা থেকে একটি মিনি ট্রাকসহ (ঢাকামেট্রো-ন ১৪-১৮২৯) তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন- ট্রাকচালক মো. মোক্তার (২৪) ও সহকারী মো. সবুজ প্রকাশ বাবু (১৯)। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান বলেন,
ফার্নিচার বোঝাই একটি মিনিট্রাকে করে ইয়াবা পাচারের সময় মিরসরাই থানার রেদোয়ান পেট্রল পাম্প সংলগ্ন এলাকা থেকে মো. মোক্তার ও মো. সবুজ নামে দুইজনকে আটক করেছে র্যাব।
তাদের কাছ থেকে ফার্নিচারের (স্টিলের ফাইল কেবিনেট) ভেতর তালাবদ্ধ করে লুকানো ২৯ হাজার ২৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ট্রাকচালক ও সহকারী ইয়াবাগুলো নিয়ে চট্টগ্রাম নগরের লালখানবাজার হাইলেভেল রোড থেকে ঢাকার মোহাম্মদপুরে নিয়ে যাচ্ছিলেন বলে জানান মিমতানুর রহমান।
ট্রাকচালক মো. মোক্তার ও সহকারী মো. সবুজের কাছ থেকে পাওয়া ইয়াবাগুলো সিএমপির এক উপ-পরিদর্শকের (এসআই) বলে জানা গেছে। সেই এসআইয়ের নাম মো. বদরুদ্দৌজা।
তিনি সিএমপির পুলিশ লাইন্সে সংযুক্ত ছিলেন। গত একমাস আগে ডিএমপি’র গোয়েন্দা শাখা থেকে তাকে শাস্তিমূলক বদলি করে সিএমপিতে পাঠানো হয় বলে সিএমপি সূত্রে জানা গেছে।
ইয়াবা উদ্ধারের পর তারা দুইজনের স্বীকারোক্তি অনুযায়ী এসআই বদরুদ্দৌজাকে আটক করে খুলশী থানা পুলিশের হেফাজতে তুলে দেন সিএমপি পাবলিক অর্ডার ম্যানেজম্যান্ট বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাকিলা সুলতানা।
এসআই বদরুদ্দৌজা বর্তমানে খুলশী থানা পুলিশের হেফাজতে আছেন বলে নিশ্চিত করেছে পুলিশের সূত্র।





