আসন্ন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন হিরো আলম খ্যাত আশরাফুল হোসেন আলম। যিনি ‘হিরো আলম’ নামেই সবার কাছে পরিচিত। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আজ বুধবার (২৯ আগস্ট) সন্ধ্যায় হিরো আলম খ্যাত আশরাফুল হোসেন আলম মোবাইল ফোনে নির্বাচনের এ বিষয়টি গণমাধ্যমকে জানান ।
হিরো আলম বলেন, ‘আমি ছোটবেলা থেকেই অনেক সাহসী ছিলাম আর এখনও আছি। এটা আমার এলাকার সবাই জানে। আমি সবসময় সাহসী মুলক কাজ করি। তাই এবার বগুড়া-৬ আসন থেকে এমপি নির্বাচন করবো।’
উল্লেখ্য যে, রাজনীতিতে হিরো আলম এবারই প্রথম পা রাখছেন না। এর আগে দুই বার তিনি ইউপি নির্বাচন করেছেন। ২০১৬ সালে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচনে পরাজিত হলেও বেশ ভালোই ভোট পেয়েছিলেন তিনি। সেবার দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন হিরো আলম খ্যাত আশরাফুল হোসেন আলম।
এদিকে ইউপি নির্বাচন থেকে সরাসরি এমপি নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে হিরো আলম জানান, ‘আগে আমাকে এত মানুষ চিনতো না। তারপরেও আমি কিন্তু মাত্র ৭২ ভোটে হেরে গিয়ে ছিলাম।
তিনি আরও জানান, মানুষ আমাকে ভালোবাসে। এখন আমার পরিচিতি আগের থেকে অনেক বেড়ে গেছে। তাইতো এখন আমি এমপি নির্বাচন করবো।’কিন্তু আপাতত কোনো দল থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত হিরো আলম।
সম্প্রতি ‘বিজু দ্য হিরো’ নামের একটি বলিউড সিনেমায় কাজ করছেন হিরো আলম। আগামী ডিসেম্বরে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা আছে। বলিউডে অভিনয় নিয়ে তিনি বলেন, ‘আমি বলিউডে সুযোগ পেয়েছি। বাংলাদেশে এই প্রথম।’
উল্লেখ্য যে, মডেল হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আকস্মিকভাবে আলোচনায় উঠে আসেন। এরপর বগুড়া থেকে ঢাকায় এসে একের পর এক মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ‘মার ছক্কা’ নামের একটি সিনেমায় কাজ করেছেন তিনি।
আগামী বছরের জানুয়ারিতে শুটিং শুরু হতে যাওয়া ‘দিয়াশলাই’ নামে একটি ছবিতে কাজ করবেন হিরো আলম। ছবিটি পরিচালনা করছেন নিজাম উদ্দীন। এছাড়া সম্প্রতি বেশ কিছু টেলিফিল্ম এবং শর্ট ফিল্মের কাজ করছেন বলে জানান হিরো আলম নিজেই।
হিরো আলম বর্তমানে তার স্ত্রী সুমি ও তাদের সন্তান আলো ও কবিরকে নিয়ে বগুড়া জেলার এরুলিয়া গ্রামে বসবাস করেন। আর এখান থেকেই সরাসরি এমপি নির্বাচনে অংশ নেবেন বলে জানা যায়।





