সারাদেশে প্রতিনিয়ত হত্যাকান্ডের ঘটনা অহরহ ঘটছে। তেমনি খুলনার পাইকগাছায় প্রেম করে আনুষ্ঠানিক বিয়ের ২ মাসের মধ্যে সোনালী বিশ্বাস নামে এক স্নাতক শিক্ষার্থীর গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া ব্রীজ সংলগ্ন মালোপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সোনালী ডুমুরিয়ার আইতলা গ্রামের নিতাই বিশ্বাসের মেয়ে। সোনালী বিএল কলেজে পড়া অবস্থায় একই কলেজে পড়ুয়া পাইকগাছার বোয়ালিয়ার বাবুলাল বিশ্বাসের ছেলে রবীন বিশ্বাসের সাথে প্রেমে জড়িয়ে পড়ে। ৩ বছর আগে রেজিঃ বিয়ে করেন তারা। সর্বশেষ ২ মাস আগে পরিবারের মাধ্যমে আনুষ্ঠানিক বিয়ে করেন।
পরিবারের সদস্যরা জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে স্বামীর ঘর থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে মৃত্যুর পিছনে স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ, শ্বশুর-শ্বাশুড়ির মানসিক নির্যাতন বা অন্য কোন রহস্য থাকতে পারে কীনা সেটি অনুসন্ধানের চেষ্টা করছে পুলিশ।
পাইকগাছা থানা পুলিশের এসআই অখিল রায় মৃতের সুরতহাল রিপোর্ট শেষে জানান, মৃতের গলায় অর্ধাচন্দ্রাকারের কালো দাগ, মাথা ফোলা ও শরীরের বিভিন্ন স্থানে ছোট-খাটো আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ(খুমেক) হাসপাতালে মৃতের লাশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।এ ঘটনায় সোনালীর স্বামী রবিন ও শ্বশুর বাবুলাল কে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
এদিকে, একমাত্র মেয়ে হারিয়ে সোনালীর বাবা নিতাই বিশ্বাস ও নিকট আত্মীয়রা অভিযোগ করেছেন, তার মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।সোনালী আত্ম হত্যা করেনি।





