রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীকে বাসচাপা দেওয়ার ক্ষেত্রে নিজের দোষের কথা আদালতে স্বীকার করে জাবালে নূরের বাসচালক মাসুম বিল্লাহ বলেন, ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
‘বেশি ভাড়া পাওয়ার আশায় আগে যাত্রী উঠানোর জন্য তিনটি বাসের সঙ্গে পাল্লা দিচ্ছিলাম। ছাত্ররা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকায় ইচ্ছে ওদের ওপর বাস উঠিয়ে দেই।’ তিনি আরও বলেন, ‘জাবালে নূর বাসের (যার রেজি. নং ঢাকা মেট্রো-ব-১১-৯২৯৭) চালক আমি।
গত ২৯শে জুলাই জিল্লুর রহমান ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ১৪-১৫ জন শিক্ষার্থীদের ওপর ইচ্ছাকৃতভাবে গাড়ি উঠিয়ে দিয়ে তাদের গুরুতর জখম করি। তারপর গাড়ি থেকে নেমে পালিয়ে যাই।
আমার গাড়ির আঘাতেই রমিজ উদ্দিন কলেজের দুজন মিম ও রাজিব নিহত হয়। আহত হয় ১০/১২ জনের মতো।’ আজ বুধবার (৮ আগস্ট ২০১৮) ঘাতক চালককে ঢাকার সিএমএম আদালতে হাজির করে স্বীকারোক্তি রেকর্ড করার আবেদন করেন ডিবি পুলিশের ইন্সপেক্টর কাজী শরিফুল ইসলাম।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবী আসামির জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলায় মাসুম বিল্লাহকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
বর্তমানে জাবালে নূর বাসের মালিক শাহাদাত হোসেন রিমান্ডে আছেন। তাছাড়াও এ পরিবহনের অপর দুই বাস চালক সোহাগ আলী ও জুবায়ের এবং হেলপার এনায়েত হোসেন ও রিপন রিমান্ডে আছেন।





