বড় ধরণের একটা নিয়োগ আসছে।বাংলাদেশ রেলওয়েতে নতুন ২২ হাজার জনবলের সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আরো দুটি নতুন অঞ্চল স্থাপনের জন্য রেলওয়ে ২৮ হাজার ৮৪৭ জনবল নিয়োগের প্রস্তাব করেছিল। এর প্রেক্ষিতে এই পরামর্শ দেয় মন্ত্রণালয়। বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ২৭ হাজার ৫৩৫ জন জনবল আছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

রেলের প্রাথমিক প্রস্তাব অনুযায়ী নতুন দুটি অঞ্চল স্থাপন করা হলে রেলের জনবল ৫৬ হাজার ৩৮২ জনে উন্নীত হওয়ার কথা ছিল। এছাড়া জনবলসহ নতুন দুটি অঞ্চল স্থাপনে মোট ২ হাজার ২৮৫ কোটি ৬২ লাখ টাকার ব্যয় প্রস্তাব তৈরি করে রেলওয়ের এ-সংক্রান্ত কমিটি। পরে প্রস্তাবটি রেলপথ মন্ত্রণালয়ের মাধ্যমে জনপ্রশাসনে পাঠানো হলে জনবলের পাশাপাশি ব্যয় ২ হাজার কোটি টাকায় নামিয়ে আনতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে ৫০ হাজার ২৭৫ জনের সংশোধিত জনবল কাঠামো তৈরির প্রক্রিয়া চূড়ান্ত করে রেলওয়ে।

এ-সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমল কৃষ্ণ বলেন, নতুন দুটি বিভাগ হচ্ছে। ফলে রেলে লোকবল দরকার। আমরা যে প্রস্তাব দিয়েছিলাম, তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী সংশোধন করে চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হয়েছে।

রেলের নতুন অঞ্চল বিভাজন ও লোকবল কাঠামো সংশোধনে গঠিত কমিটির তথ্যমতে, নতুন দুটি অঞ্চলের মধ্যে উত্তরাঞ্চলের জন্য জনবলের প্রস্তাব করা হয়, মোট ১৩ হাজার ৪৮৭ জন। এসব লোকবলের জন্য বার্ষিক (ইনক্রিমেন্ট ব্যতীত) ৩৪০ কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে রেলের। নতুন এ অঞ্চল বাস্তবায়নে বিভিন্ন প্রকল্পের অধীনে নিয়োগকৃত জনবলের বার্ষিক বেতন-ভাতা বাবদ ৬১ কোটি ৯৯ লাখসহ মোট ৮০৪ কোটি ২১ লাখ টাকা ব্যয় করতে হবে।

উত্তরাঞ্চলের তুলনায় দক্ষিণাঞ্চলের নতুন রেল অঞ্চল স্থাপনে ব্যয় দেখানো হয়েছে দ্বিগুণ। দক্ষিণাঞ্চলের প্রস্তাবিত ১৫ হাজার ৩৬০ জনবলের জন্য বার্ষিক বেতন-ভাতা (ইনক্রিমেন্ট ব্যতীত) ধরা হয়েছে ২৩৮ কোটি ৩ লাখ, প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনে নিয়োজিত লোকবলের বার্ষিক বেতন-ভাতা ও প্রয়োজনীয় স্থাপনা নির্মাণে ৩৯৯ কোটি ৩৭ লাখ টাকা। সব মিলিয়ে রেলের এ অঞ্চলের জন্য ব্যয় প্রস্তাব করা হয়েছে ১ হাজার ৪৮১ কোটি টাকা।