বাসচাপায় ২ শিক্ষার্থী নিহত হওয়ার পর রাজধানীর বিভিন্ন সড়কে অবরোধ করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এছাড়া একটি বাসে আগুন দেয়াসহ ভাঙচুরের ঘটনাও ঘটেছে। হঠাৎ করে সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচলে অচলাবস্থার ফলে যানযটে পড়েছেন রাজধানীর মানুষ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আজ সকাল থেকেই ফার্মগেটে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। সকাল ১০টার দিকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ফার্মগেট ওভারব্রিজের নিচে অবস্থান নেয়। এ অবস্থায় রাস্তার দুইদিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা ঘাতক চালকের ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছে।
অবরোধের ফলে আশপাশের এলাকাগুলোতেও যানজট ছড়িয়ে পড়েছে। শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পায়ে হাটা মানুষের দীর্ঘলাইন দেখা গেছে কাওরান বাজার থেকে বিভিন্ন দিকে যাওয়ার সড়কগুলোতে।
অন্যদিকে বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করে নটরডেম কলেজের শিক্ষার্থীরা। এতে করে মতিঝিল এলাকায় যিানজট ছড়িয়ে পড়েছে। পুলিশ সেখানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
এদিকে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ধানমন্ডি সিটি কলেজের সামনে হিমাচল পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। বেলা একটা চল্লিশের দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি থামিয়ে আগুন লাগিয়ে দেয়। এসময় তারা বেশ কয়েকটি যানবাহনও ভাংচুর করে।





