বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা শেওড়া রেলগেটে লাইনের উপরে অবস্থান নিয়েছে। ফলে ঢাকা থেকে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (৩০ জুলাই) ছাত্রদের অবরোধের কারণে দুপুর দেড়টা থেকে রেল চলাচল বন্ধ হয়ে যায়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের মাস্টার মোজাম্মেল হোসেন ব্রেকিংনিউজকে জানান, আজ দুপুর দেড়টার পরে ছাত্র-ছাত্রীরা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছে শেওড়া এলাকায় রেল লাইনের উপর অবস্থান নেয়। তাদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে আপাতত রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
কমলাপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির ফারুক ব্রেকিংনিউজকে জানান, দুপুরের পর কোনো ট্রেন ঢাকায় ঢোকেনি। কমলাপুর থেকেও কোনো ট্রেন ছেড়ে যায়নি।
এর আগে নৌমন্ত্রী শাজাহান খানের বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং বেপরোয়া গাড়ি চালকদের ফাঁসির দাবিসহ ৯ দফা দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটার দেয় আন্দোলনকারীরা।





