কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারকে (৩৫) একটি গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে কে বা কারা তুলে নিয়ে গেছে, তা বলতে পারছে না পুলিশ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

২৭ জুলাই শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানীর লালমাটিয়ার সি ব্লক থেকে পারভেজকে তুলে নিয়ে যাওয়ার এ ঘটনা ঘটে।

শোভন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, পারভেজ হোসেন সরকার জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় তার সঙ্গে কয়েকজন ব্যক্তিও ছিল। কিন্তু পারভেজ তাদের থেকে কিছুটা সামনে ছিলেন। হঠাৎ একটা গাড়ি এসে তাকে তুলে নেয়।

ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘ওই সময় সি ব্লকের রাস্তায় হঠাৎ একটি পাজেরো গাড়ি আসে এবং ওইটাতে থাকা কয়েকজন যুবক একজনকে (পারভেজ) জোরপুর্বক তুলে নিয়ে যায়।’ পরে বিষয়টি থানায় জানান প্রত্যক্ষদর্শীরা।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন প্রিয়.কমকে বলেন, ‘এমন একটা খবর আমরা পেয়েছি। লালমাটিয়ার সি ব্লক এলাকায় নামাজের পর মসজিদ থেকে বের হওয়ার সময় কে বা কারা তাকে পাজেরো গাড়িতে তুলে নিয়েছে। তবে তারা কারা তা জানা যায়নি, আমরা বিষয়টি দেখছি।’