ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ২য় প্রো-ভিসি নিয়োগ দেয়া হয়েছে। প্রতিষ্ঠার পর এই প্রথম রাবিতে দ্বিতীয় প্রো-ভিসি নিয়োগ দেয়া হলো। বুুধবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়াকে প্রো-ভিসি হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর রাজশাহী বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর (সংশোধিত) ১৩ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়াকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হলো। আগামী চার বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. চৌধুরী জাকারিয়া বলেন, ‘রাষ্ট্রপতি আমাকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কথা বলে আমি শীঘ্রই দায়িত্ব গ্রহণ করবো। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথাভাবে পালন করার চেষ্টা করবো।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম. আব্দুস সোবহান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন দেশের অন্যতম বিদ্যাপীঠ। এখানে শিক্ষার্থীর সংখ্যাও দিনদিন বাড়ছে। অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে দু’জন প্রো-ভিসি রাখার কথা থাকলেও এতদিন তা ছিল না। দু’জন প্রো-ভিসির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কাজে গতি আসবে আশা করি।
উল্লেখ্য, ১৯৫৩ সালে রাবি প্রতিষ্ঠার পর ১৯৮৫ সালে প্রথম প্রো-ভিসি নিয়োগ করা হয়। এরপর বিভিন্ন সময়ে ১১ জন প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ অধ্যাপক আনন্দ কুমার সাহাকে ১৬ জুলাই ২০১৭ সালে চার বছরের জন্য নিয়োগ করা হয়।





