গাইবান্ধার পলাশবাড়ীতে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ির ঘরের চালা থেকে সরকারি ত্রাণের ঢেউটিন উদ্ধার করা হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

উপজেলা প্রশাসন গোপন সংবাদে রোববার দুপুরে বেতকাপা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম ফজলুর বসতবাড়িতে এ অভিযান চালায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফ হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, দুস্থদের জন্য দেওয়া সরকারি ত্রাণের টিন কিছুদিন আগে চেয়ারম্যান ফজলুল করীম নিজের বাড়ির একটি ঘরের চালে লাগিয়েছিলেন। খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল আলম বলেন, উদ্ধার করা ঢেউটিন পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

এদিকে, অভিযানের সময় চেয়ারম্যান ফজলুল করীম বাড়িতে ছিলেন না। এমনকি তার মোবাইল ফোনও বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।