সেই অসুস্থ মায়ের দায়িত্ব নিতে চান… রাজধানীর কলাবাগানে ফুটওভার ব্রিজের নিচে থাকা সেই অসুস্থ মায়ের দায়িত্ব নিতে চান কুড়িগ্রাম জেলা প্রশাসক মোসাম্মৎ সুলতানা পারভীন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তিনি তার মানবিক দায়বদ্ধতা থেকে ওই পরিবারের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতেও আগ্রহ প্রকাশ করেছেন।
মঙ্গলবার মোবাইলে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোসাম্মৎ সুলতানা পারভীন জানান, কুড়িগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিজের দায়বদ্ধতা থেকে ওই পরিবারকে পুনর্বাসন করবেন। যাতে ওই পরিবার সচ্ছলভাবে চলতে পারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সে ব্যবস্থাও করা হবে বলেও জানান।
এর আগে সোমবার অনলাইনে ‘ফুটপাতের সেই অসুস্থ মা বাড়ি ফিরতে চান’ শিরোনামে প্রকাশিত সংবাদ কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ দেখতে পেয়ে জেলা প্রশাসকের দৃষ্টিতে আনেন।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর ইউএনও আমিন আল পারভেজ জানান, ঢাকায় ফুটপাতে থাকা ওই পরিবারকে কুড়িগ্রামে ফিরিয়ে আনার জন্য কুড়িগ্রাম সমিতি, ঢাকা দায়িত্ব নিয়েছে। ঢাকা থেকে তাদের ফিরিয়ে আনার খরচ আমরা বহন করব।
ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির সাধারণ সম্পাদক মো. সাইদুল আবেদীন ডলার মোবাইলে যুগান্তরকে বলেন, বুধবার সকালে আমরা কয়েকজন ওই অসহায় পরিবারের সঙ্গে কথা বলব। তারা ফিরিয়ে নেয়ার জন্য সব ধরনের সহায়তা করব। ঢাকা থেকে কুড়িগ্রাম ফেরার সব পথ খরচ বহন করব।
এদিকে অনুসন্ধানী দল সেই অসুস্থ মায়ের খোঁজ নিয়ে ‘ ফুটপাতের সেই অসুস্থ মা বাড়ি ফিরতে চান’ শিরোনামে মানবিক সংবাদ যুগান্তর অনলাইনে প্রকাশ হলে দেশ-বিদেশের অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
এর মধ্যে সৌদিপ্রবাসী আবুল কাসেম ও এক সুইডেনপ্রবাসী তাদের অনুদান যুগান্তরের টিমের কাছে পৌঁছানো হয়। এর আগে অনেকেই ওই পরিবারের ঠিকানা জানার জন্য যুগান্তরে ফোন করেছিলেন।
এছাড়া ফুটপাতে পড়ে থাকা ওই অসুস্থ মায়ের ভিডিও ফেসবুকে দেয়া পারভেজ হাসান জানান, তিনিও বেশকিছু অনুদানের টাকা পেয়েছেন।
তিনি বলেন, তার পাওয়া অনুদানের টাকা কুড়িগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে ওই পরিবারের জন্য পুনর্বাসন তহবিলে জমা দেবেন।





