জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নাম বিকৃত করে চিঠি দেয়ার অভিযোগে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নির্বাহি প্রকৌশলী শরীফ হোসেন পটোয়ারীকে বরখাস্ত করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এ দাবিতে ছাত্রলীগের নেতাকর্মীরা সোমবার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এর আগে ছাত্রলীগের নেতাকর্মীরা সকাল সাড়ে ১০ টার দিকে প্রশাসনিক ভবন থেকে সকল কর্মকর্তা কর্মচারীকে বের করে ভবনের দুই প্রধান গেটে তালা ঝুলিয়ে দেয়। পরে প্রকৌশলীকে বরখাস্তের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে ছাত্রলীগ। সেখানে বক্তব্য রাখেন শহীদ মোখতার এলাহী হল ছাত্রলীগ সভাপতি হাসান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ছাত্রলীগ নেতাদের অভিযোগ, গত ৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী শরীফ হোসেন পাটোয়ারী স্বাক্ষরিত দুটি চিঠি বঙ্গবন্ধু হল ও শহীদ মোখতার এলাহী হলে বৈদ্যুতিক কাজের জন্য দুজন ইলেকট্রিশিয়ানকে দেয়া হয়। চিঠিতে জাতির জনক বঙ্গবন্ধুর নাম বিকৃত করা হয় এবং একইভাবে রংপুরের খ্যাতিমান মুক্তিযোদ্ধা শহীদ মোখতার এলাহীর নামও বিকৃত করে চিঠি দেয়া হয়।

ছাত্রলীগের পক্ষ থেকে প্রকৌশল বিভাগকে বঙ্গবন্ধুর নামের বিকৃতি সংশোধন করে পুনরায় চিঠি দেয়ার অনুরোধ জানানো হয় তারপরও তিন দফায় চিঠিতে বঙ্গবন্ধুর নাম বিকৃতভাবে লেখার ধৃষ্টতা দেখিয়েছেন ভারপ্রাপ্ত নির্বাহি প্রকৌশলী শরীফ হোসেন পাটোয়ারী।