জেলার শেরপুর উপজেলার মহিপুরে বিয়ের দাবিতে দলিল লেখক সমিতির নেতা আরিফ মাহমুদের বাড়িতে অনশন করেছেন তিন সন্তানের জননী। পরে তাকে পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। রোববার (২৪ জুন) বিকালে শেরপুর উপজেলা দলিল লেখক সমিতির জরুরি সভায় ওই দলিল লেখককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এলাকাবাসী জানান, উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের মরহুম মহির উদ্দিনের ছেলে আরিফ মাহমুদের (৩৫) বাড়িতে গত শনিবার (২৩ জুন) সকাল থেকে বিয়ের দাবিতে অনশন শুরু করে একই গ্রামের স্বামী পরিত্যক্তা তিন সন্তানের জননী সাদিয়া জামান বিউটি (৪২)। এ সময় আরিফ মাহমুদ বাড়িতে না থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শেরপুর থানার এসআই এবাদ আলী ও শামীম হোসেন ওই নারীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
বিউটি সাংবাদিকদের জানান, কয়েক বছর যাবৎ আরিফ মাহমুদের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। তাই আগের স্বামীকে তালাক দিয়েছি, এখন বিয়ে ছাড়া কোনো গত্যন্তর নেই। অভিযুক্ত দলিল লেখক আরিফ মাহমুদ জানান, আমি ষড়যন্ত্রের শিকার। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, ওই নারীকে উদ্ধারের পর কোনো অভিযোগ না থাকায় তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।
এদিকে শৃংখলা ভঙ্গ ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদকে রোববার বিকালে সংগঠন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি এস এম ফেরদৌস জানিয়েছেন।





