মসজিদের মাইক থেকে ঘোষনা দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার চর কালীগঞ্জ ও বন্যাকান্দি গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ। উভয় গ্রামের আহত হয়েছে প্রায় ২৫ জন । এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক, একজন নিখোজ রয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ওই দুই গ্রামের সীমান্তে এ সংঘর্ষ হয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এলাকার মাতব্বর আব্দুর রশিদ জানান, সকালে বন্যাকান্দি বাজারে পূর্ব ঘটনার জের ধরে বন্যাকান্দি গ্রামের যুবক লিটন দাশ ও চরকালিগঞ্জ গ্রামের যুবক মুন্নার মধ্যে মারামারি হয়।
পরে তারা নিজ নিজ গ্রামের ফিরে গেলে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে চরকালীগঞ্জ জামে মসজিদ ও বন্যাকান্দি মোল্লাবাড়ী মসজিদ হতে মারামারি ঘোষনা দিয়ে গ্রামবাসীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া । উভয় গ্রামবাসী এতে রামদা,ফালা,হাসিয়া, কোচ, রড, লাঠিসহ দেশীয় নানা ধরণের অস্ত্র সস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে চর কালীগঞ্জ গ্রামের মুন্না, আমজাদ, শিপন, সাখোয়াত, গফুর ও বন্যাকান্দি গ্রামের গাজিউর, রাজ্জাক, রেজাউর মোল্লা, রবিউল, আশরাফুল , মানিক ও খালেকসহ প্রায় ২৫ জন আহত হয় ।
আহতদের মধ্যে গাজিউর ও লিটন দাশের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে ভর্তি করা হয়েছে। এদিকে বন্যাকান্দি গ্রামবাসীর পক্ষ থেকে মতি মোল্লা অভিযোগ করেছেন সংঘষের্র সময় চর কালীগঞ্জ গ্রামের লোকেরা তাদের গ্রামের জিন্না নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে গেছে।
তার কোন খোজ পাওয়া যাচ্ছে না। এদিকে চরকালীগঞ্জের পক্ষ থেকে ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এলাকায় উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক শামসুল আলম সহ একদল পুলিশ অবস্থান করছে। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। সার্বিক পরিস্থিতির উপর পুলিশী নজরদারী রয়েছে। নিখোজ জিন্নাকে উদ্ধারের চেষ্টা চলছে। উভয়পক্ষ থানায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে।





