রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের কাছে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা স্মারকলিপি দিয়েছেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপিটি প্রদান করেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সময় প্রতিনিধি দলে ছিলেন, ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার, সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষণ রায়, সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আশ্রাফুল হক লাভলু।
জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে রাষ্ট্রপতির বাসভবনের কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে এসেছেন বলে নিশ্চত করেছেন ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার। তিনি বলেন, ‘আমরা সকালে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে রাষ্ট্রপতির বাসভবনে কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়ে এসেছি। শনিবার দাবি আদায়ে আমরা প্রতীকি অনশন করব। রবিবারের মধ্যে দাবি মানা না হলে সোমবার থেকে আমরণ অনশনে যাব।’
স্মারকলিপিতে উল্লেখ করা বিষয় সম্পর্কে ফেডারেশনের দপ্তর সম্পাদক নাসির উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন যাবত সারাদেশে ৫ হাজারের অধিক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ থেকে ২০ বছর যাবত ২০ লাখের বেশি শিক্ষার্থীদের বিনা বেতনে পাঠদান করে শিক্ষক-কর্মচারীরা অত্যন্ত কষ্টকর ও মানবেতর জীবন যাপন করছেন। অনেকের চাকরির মেয়াদ আছে ৫-১০ বছর। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সারাদেশে উন্নয়নবঞ্চিত অবস্থায় জীবন যাপন করছে।’





