প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইলে এসএমএস দিয়ে চুরি যাওয়া অটোবাইকের পরিবর্তে নতুন একটি অটোবাইক পেল ময়মনসিংহের তারাকান্দা এলাকার আব্দুছ সামাদ। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তার কার্যালয়ে আঃ সামাদের হাতে অটোবাইক ও চাবি হস্তান্তর করেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

অটোবাইক ফিরে পেয়ে আব্দুস সামদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় আল্লাহর কাছে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন আব্দুছ সামাদ।

ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম জানান, জেলার তারাকান্দা থানা এলাকায় কাকনীর বাসিন্দা দরিদ্র আঃ ছামাদের একমাত্র সম্বল একটি অটোবাইক গত ২৮ মে তারাকান্দার একটি গেরেজ থেকে চুরি হয়ে যায়। পরে আঃ ছামাদ অটোবাইকটি উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসএমএস (ক্ষুদে বার্তা) করেন।

সেখানে তিনি লিখেন, মা তুমি সারাদেশের মা আমাকে একটু সাহায্য কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রধানমন্ত্রীর একান্ত সচিব ওয়াহিদা খানম ২০জুন বিকেলে ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামকে ওই ম্যাসেজটি ফরোয়ার্ড করেন এবং অটোবাইকটি দ্রূত উদ্ধরের নির্দেশনা দেন। পরে পুলিশ সুপার ও স্থানীয় পুলিশ অটোবাইকটি উদ্ধার করতে গেরেজের মালিককে আটক করে।

গেরেজের মালিক স্বীকার করেন যে, তার অসতর্কতার জন্য অটোবাইকটি চুরি হয়েছে। ওই গ্যারেজের মালিক নিজ ইচ্ছায় ভর্তুকি হিসেবে অনুরূপ একটি অটোবাইক ক্রয় করে দেন। নতুন আটোবাইকটি আঃ সামাদকে বুঝিয়ে দেয়ার সময় খুশিতে আত্মহারা হয়ে পড়েন সামাদ।