প্রথমবারের মতো নিজস্ব ভবন পেতে যাচ্ছে স্বাধীনতা-সংগ্রামে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ। দৃষ্টিনন্দন ও আধুনিক সব সুযোগসুবিধা সম্পন্ন বঙ্গবন্ধু এভিনিউর নতুন দশতলা ভবন হবে দক্ষিণ এশিয়ার আধুনিক রাজনৈতিক দলের অফিস ও আওয়ামী লীগের স্থায়ী ঠিকানা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আগামী ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন; ২৩ জুন, শনিবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ভবনের উদ্বোধন করবেন।

নেতারা জানিয়েছেন, নতুন ভবন উদ্বোধনের পর আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম চলবে ২৩, বঙ্গবন্ধু এভিনিউর এ কার্যালয় থেকে। আর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে দলের নির্বাচনী কার্যক্রম ও সিআরআইসহ দলের অন্যান্য সংস্থার গবেষণামূলক কর্মকাণ্ড পরিচালিত হবে।

বুধবার (২০ জুন) দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের নতুন দশতলা ভবনের কাজ শেষ। শনিবার (২৩ জুন) প্রধানমন্ত্রী এ ভবনের উদ্বোধন করবেন। পুলিশসহ নিরাপত্তারক্ষীদের কড়াকড়ি ভবনজুড়ে। ঢুকেই হাতের বাম পাশে অভ্যর্থনা ডেস্ক। বিশাল ফ্লোর। সিঁড়ির পাশাপাশি দুটি লিফট। বেসমেন্ট ও প্রথমতলায় গাড়ি পার্কিংয়ের কথা বলা হলেও পরে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে আওয়ামী লীগ। সামনের সড়কে ছেড়ে দেওয়া নিজস্ব জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করা হবে।

নিচে রক্ষিত নির্দেশনা অনুযায়ী জানা যায়, চতুর্থ ও পঞ্চমতলায় সাধারণ অফিস, ডিজিটাল লাইব্রেরি, মিডিয়া রুম। ষষ্ঠতলায় সম্মেলন কক্ষ। সপ্তমতলা দলের কোষাধ্যক্ষের জন্য। অষ্টমতলায় সাধারণ সম্পাদকের অফিস। আর নবমতলায় বসবেন দলের সভাপতি। একদম উপরে দশমতলায় থাকবে ক্যাফটেরিয়া।

কর্তব্যরতদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্দেশনার কিছু ব্যত্যয় ঘটতে পারে। আগের নির্দেশনা অনুযায়ী বেসমেন্ট ও নিচতলায় কার পার্কিং এবং ছাদে হ্যালিপ্যাড স্থাপন আপাতত হচ্ছে না। দ্বিতীয়তলার কনফারেন্স রুমে ৩৫০ জনের বসার ব্যবস্থা রাখা হয়েছে। তৃতীয়তলায় ২৪০ জনের বসার ব্যবস্থা থাকবে। মাঝখানে কনফারেন্স রুম আর দুই পাশে বেশকিছু কক্ষ রয়েছে। তিনতলার সামনের অংশটা ‘ওপেন স্কাই টেরাস’। অনেকটা বাসার ড্রয়িংরুম বা পাঁচতারকা হোটেলের আদলে করা হবে এ অংশ। এখানে কৃত্রিম বাগানের ফাঁকে ফাঁকে চেয়ার-টেবিল দিয়ে বসার ব্যবস্থা থাকছে। পাশাপাশি থাকবে চা-কফি খাওয়ার আয়োজন।

এছাড়া ভবনের চার ও পাঁচতলায় দলের কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও সহযোগী-ভ্রাতৃপ্রতিমসহ সমমনা অন্যান্য সংগঠনের কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। সাত, আট ও নয়তলায় দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, বিষয়ভিত্তিক সম্পাদকসহ কেন্দ্রীয় নেতাদের কক্ষ রাখা হয়েছে। এর মধ্যে সভাপতির ফ্লোর থাকবে বুলেটপ্রুফ ডাবল গ্লাস। এছাড়া ভবনের বিভিন্ন তলায় রাখা হয়েছে ডিজিটাল লাইব্রেরি, সেমিনার রুম এবং সাংবাদিক লাউঞ্জ।

দলীয় সূত্র জানায়, আগামী ২৩ জুন, শনিবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গণপূর্তমন্ত্রী ওইদিন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নতুন কার্যালয়ের চাবি তুলে দেবেন। প্রধানমন্ত্রী উদ্বোধন শেষে সভাপতিমণ্ডলী, যুগ্ম সম্পাদকসহ অন্য নেতা ও সহযোগী সংগঠনগুলোর জায়গা নির্ধারণ করে দেবেন।