জিনের মাধ্যমে সব ধরনের রোগের চিকিৎসা করানোর ঘোষণা দিয়েছেন সাজিদা খাতুন নামের এক নারী ও তার পরিবার। তার দাবি এক নারীর মাথার টিউমার অপারেশন করেছে জিনেরা। ঘটনাটি ঘটেছে যশোরের শার্শা উপজেলার গোগা কালিয়ানি গ্রামে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে প্রচার করা হয়।
সাজিদা খাতুন কালিনি গ্রামের মৃত আব্দুল সর্দারের মেয়ে। তাকে কলারোয়ার জহুরুল ইসলামের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে দেয়া হয়।
সাজিদার মা ফিরোজা বেগমের দাবি, তিন বছর ধরে তার মেয়ের মাথায় জ্বালা-যন্ত্রণা করছিল। ওষুধ খেয়ে ভালো হচ্ছিল না। মেয়ের মাথায় যে টিউমার হয়েছে তার কোনো ডাক্তারি রিপোর্ট নেই। জিনেরা বলেছে মাথার ভেতরে টিউমার অপারেশন না করলে ক্যানসার হওয়ার সম্ভাবনা রয়েছে। মেয়ের মতামতের ভিত্তিতে জিনেরা টিউমার অপারেশন করেছে।
শুক্রবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত অন্ধকার ঘরে চলে অপারেশনের কাজ। অপারেশনের সময় যন্ত্রপাতির শব্দ আমিও শুনেছি। ভয় পাব বলে রক্ত ও টিউমার আমাদের দেখানো হয়নি। তবে রক্তমাখা ব্লেড ও তুলা দেখেছি।
সাজিদা খাতুন বলেন, আমি এখন বাপের বাড়িতে অবস্থান করছি। জিনেরা অপরেশন করার পর থেকে আমার মাথায় ব্যান্ডেজ বাঁধা। ছবি তোলা যাবে না। জিনদের বারণ আছে। অপারেশনের পরে এখন সুস্থতাবোধ করছি।
সাজিদার দাবি, জিনেরা আমাকে রোগী দেখতে বলেছে। ৭-৮ বছর ধরে অামার সঙ্গে জিন রয়েছে। এখন জিনের মাধ্যমে নিয়মিত রোগী দেখব আমি।





