কিছু সময়ের ব্যবধানে জন্ম নিয়েছিলেন জমজ ২ বোন চিন্ময়ী ঘোষ ও মৃন্ময়ী ঘোষ।খাওয়া থেকে পড়া সবখানে একই পদ্ধতিতে চলেন তারা। তবে এবার অবাক করেছে পরীক্ষায়ও তাদের প্রাপ্ত নম্বর এক দেখে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সম্প্রতি ভারতে প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলে দেখা গেছে, এই দুই জমজ বোনই পেয়েছেন ৪০১ নম্বর। এটা দেখে স্থানীয়রা বলছেন, ‘সারাজীবন এ ভাবেই একসঙ্গেই খুশি থাকুক ওরা।’ খবর আনন্দবাজারের।
ছোট থেকেই একইসঙ্গে স্কুলে যান, একই সঙ্গে পড়তে বসেন মঙ্গলকোটের কুড়ুম্বা পশ্চিমপাড়ার চিন্ময়ী ও মৃন্ময়ী। স্কুলেও বরাবর কাছাকাছি নম্বরই পান তারা। কৃষক বাবা ভূতনাথ ঘোষের দুই কামরার ঘরে চার মেয়ে এক ছেলেকে নিয়ে সংসার।
ভূতনাথ জানান, দুই মেয়ের জন্য আলাদা করে গৃহশিক্ষকও দিতে পারেননি। স্থানীয় দুই শিক্ষকই বিনা বেতনে সমস্ত বিষয় দেখিয়ে দিতেন দুই বোনকে।
তাদের মা রীনাদেবী বলেন, ‘ওরা একই সঙ্গে পড়তে বসে। একই সঙ্গে খাওয়া, স্কুলে যাওয়া সবই। দুজনের এত ভাব যে কেউ কাউকে কাছছাড়া করে না কখনও।’
মাধ্যমিকেও দুই বোন কাছাকাছি নম্বর পেয়েছিলেন। চিন্ময়ী পেয়েছিলেন ৪১০ ও মৃন্ময়ী পেয়েছিলেন ৪০৮। আপাতত ইংরেজি নিয়ে পড়তে চান তারা। ভবিষ্যত স্বপ্ন সম্পর্কে দুই বোন জানায়, ‘জীবনভর সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতে চাই। তার জন্য পুলিশের থেকে ভাল আর কী হতে পারে!’





