আগামী পাঁচ বছর জাতীয় সরকার গঠনের দাবি জানানোয় বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বদু (ডা. বদরুদ্দোজা চৌধুরী) কাকার কি মনে নেই জিয়া যে হ্যাঁ না ভোট করলেন? তখন তিনি কোথায় ছিলেন? আজ নির্বাচন নিয়ে কথা বলছেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তিনি আজ গণভবনে ভারত সফর নিয়ে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পৃথিবীর সব দেশেই সেলিব্রেটিরা মনোয়ন পেয়ে থাকেন। তারা খেলাধুলার মাধ্যমে দেশের সুনাম বয়ে আনছে তারা নির্বাচন করতেই পারে।তিনি বলেন, খালেদা যে মাগুরায় নির্বাচন করলেন তখনতো তিনি সাথেই ছিলেন কৈ কিছুই তো তখন বলেননি। তাকে বিএনপি রেললাইন দিয়ে দৌড়িয়ে বের করে দিয়েছে এখন সেই বিএনপির কাছেই যাচ্ছেন। তাদের মুখে এসব কথা শোভা পায় না।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন করবে নির্বাচন কমিশন। সেখানে আমাদের কিছু বলার নেই। সংবিধানে যা আছে সেই অনুযায়ী নির্বাচন হবে।আমি এই জীবনে যতগুলো পুরস্কার পেয়েছি তার মধ্যে ভারতের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পুরস্কারটিই শ্রেষ্ঠ।

তিনি বলেন, কাজী নজরুল জীবনে যে কষ্ট করে গেছেন তা বলে বুঝানো যাবে না। তিনি বিভিন্ন গানের সুর তৈরি করেছেন।প্রধানমন্ত্রী বলেন, নজরুলের জন্মস্থানটি অবহেলিত ছিল। আমি সর্বপ্রথম সেই জায়গায় যাওয়ার পর সেখানে বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর ও নানা ধরনের উন্নয়ন সাধিত হয়েছে।

ছোট ছোট দলগুলোর যুক্তফ্রন্ট গঠনের বিষয়ে শেখ হাসিনা বলেন, বিন্দু বিন্দু পানি থেকে সিন্ধুর সৃষ্টি হয়। তারা চেষ্টা করুক, যদি দেশের মানুষ তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনে ভালো কথা। তবে আমরা মানুষ হত্যাকারী, এতিমের টাকা চুরি করা বিএনপি আর ক্ষমতায় আসুক সেটি চাই না। তবে এটিও মনে রাখবেন জিরো জিরো সমান কিন্তু জিরো-ই হয় সেটি ভুলে গেলে চলবে না।