কুমিল্লায় নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন আদালত। আর নড়াইলের মানহানির মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি বেঞ্চ এই আদেশ দেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
একটানা চার কার্যদিবস শুনানি শেষে রোববার বিচারপতি মো. আসাদুজ্জামান ও জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার আদেশের জন্য দিন ধার্য করেন।
এর আগে গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। জামিন পেলেও তিনি মুক্তি পাননি। আর আদালতের আজকের আদেশের মধ্যে দিয়েও ঝুলেই থাকল বেগম জিয়ার মুক্তি।
বিশেষজ্ঞদের মতে, আজকের আদেশের মধ্যে দিয়ে নড়াইলের মামলা খারিজ হয়ে যাওয়ায় তা স্বভাবতই আপিল বিভাগে যাবে। এছাড়া আরও চারটি মামলা চলমান আছে বেগম জিয়ার বিরুদ্ধে। কারামুক্তি পেতে হলে বেগম জিয়াকে সব মামলায়ই জামিন পেতে হবে। এই ঈদের আগে বেগম জিয়ার মুক্তির কোনো আশা নেই বলে মত বিশেষজ্ঞদের।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় বেগম জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এ মামলার অপর আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড হয়। রায় ঘোষণার দিন থেকেই পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন বেগম জিয়া।





