নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা জড়ো হয়েছেন। নারী-পুরুষ সবার মধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। এখনও কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তিন স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
প্রথমবারের মতো দলীয় মার্কায় সিল দিয়ে সিটি করপোরেশনের নতুন নেতৃত্ব বেছে নিচ্ছেন খুলনার চার লাখ ৯৩ হাজার ভোটার। সকাল হতেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রগুলোতে যেতে শুরু করে ভোটাররা। মহানগরীর প্রায় সব কেন্দ্রেই সকাল আটটার পর দেখা গেছে দীর্ঘ লাইন।
নির্বাচন কেন্দ্র করে খুলনা সিটি করপোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতিটি সাধারণ কেন্দ্রে ২২ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২৪ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী এলাকায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এবারের নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী, সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন এবং ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে কেসিসির মেয়র পদে নির্বাচন হওয়ায় প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন।





