কুমিল্লার মুরাদনগর উপজেলাবাসীর কাছে আতঙ্কের নাম হয়েছে সেভেন স্টার গ্রুপ। উঠতি যুবকদের এই দল দেয়ালে চিকা মেরে ও ফেসবুকে প্রথমে পরিচিতি পায়। এরপর ছাত্রীদের উত্ত্যক্ত করা, পথচারীর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া থেকে শুরু করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কাজ করছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
দলটির প্রধান শাওন (২২)। তিনি রহিমপুর গ্রামের জসিমের ছেলে। আরেক সদস্য রাব্বি (২১) উপজেলা সদরের বিএনপি নেতা তকদিরের ছেলে। মফিজের ছেলে শাহজালালও (২৩) এই দলের সদস্য। এর অধিকাংশ সদস্য উপজেলা সদরের প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় আশপাশের ২০ গ্রামের বাসিন্দা ভয়ে তটস্থ।
থানায় অভিযোগকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান বলেন, ‘আমার ছেলে মুরাদনগর ডি আর সরকারি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। রহিমপুর গ্রামের কয়েকজন ছেলের সঙ্গে তাদের (সেভেন স্টার গ্রুপ) প্রেমঘটিত বিরোধ ছিল। আমার ছেলের বাড়ি রহিমপুর মনে করে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। আজ তিন দিন সে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় গত সোমবার থানায় অভিযোগ করলে উল্টো গ্রুপটির সদস্যরা আমাকে ও পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, ধামঘর ইউনিয়নের নবম শ্রেণির এক ছাত্রী সেভেন স্টার গ্রুপের উত্ত্যক্তের কারণে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। বাখরাবাদ গ্রামের জামালের কাছ থেকে মোবাইল ফোন ও তাঁর পকেট থেকে তিন শ টাকা ছিনিয়ে নিয়েছে। মুরাদনগরের বাবুর কাছ থেকে মোবাইল ফোন ও দুই হাজার পাঁচ শ টাকা ছিনিয়ে নিয়েছে। মধ্যনগর গ্রামের এক হিন্দু পরিবার থেকে ৩০ হাজার টাকা চাঁদা নিয়েছে। করিমপুর গ্রামের ব্যবসায়ী মতিনের ছেলের কাছ থেকে ৪৮ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে তাঁর পরিবার সূত্র জানায়।
এই গ্রুপের বিরুদ্ধে আরো অভিযোগ, যদি কেউ জমি কেনা-বেচা করে অথবা জমিতে মাটি ভরাট বা বাড়িতে ভবন তৈরি করে তাহলে তারা গিয়ে চাঁদা চায়।
সেভেন স্টার গ্রুপের প্রধান শাওনের এক নিকটআত্মীয় বলেন, ‘সে পরিবারের আয়ত্তের বাইরে চলে গেছে। বাড়ি থেকে বের হয়ে গেলে কয়েক দিন তার কোনো হদিস থাকে না। গ্রুপের অন্য সদস্য রাব্বি নেশায় আশক্ত হয়ে নানা অপকর্ম করায় পরিবার তাকে বিদেশে পাঠিয়ে দেয়। কিন্তু দুই মাসের মাথায় ফিরে এসে আবার অপকর্ম করছে।’
মুরাদনগর থানার পরিদর্শক এ কে এম মনজুরুল ইসলাম বলেন, ‘অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। এই গ্রুপের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’





