আবারো পদদলিত হয়ে মানুষের প্রাণ গেল। চট্টগ্রামের সাতকানিয়ায় ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে নয়জন নিহত হয়েছেন । এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধ-শতাধিক মানুষ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলায় জাকাতের কাপড় ও ইফতারসামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে নিহতদের সকলেই নারী। উপজেলার নলুয়া ইউনিয়নের গাতিয়াডাঙ্গায় একটি মাদ্রাসার মাঠে সোমবার দুপুরের দিকে হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়ে ৯ জন মারা যান।

সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার সিরাজুল ইসলাম বলেন, উপজেলার পূর্ব গাঠিয়া ঢেঙ্গা হাঙ্গরমুখ এলাকায় কবীর স্টিলমিল লিমিটেড (কেএসআরএম) এর মালিক মো. শাহজাহানের বাড়ির পাশে মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।

যে নয় জনের লাশ উদ্ধার হয়েছে, তাদের সবাই নারী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, কেএসআরএম কারখানার মালিকপক্ষ প্রতি বছর রোজার আগে স্থানীয় দুস্থতের মধ্যে ইফতারি তৈরির বিভিন্ন সামগ্রী বিতরণ করে। আজ সকালে কোম্পানির পক্ষ থেকে গরিবদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হচ্ছিল। প্রায় ২০ হাজার লোক জড়ো হয় সেখানে।

এ সময় অধিক ভিড়ের মধ্যে পড়ে পদদলিত হয়ে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। এসময় আহত হন কমপক্ষে অর্ধশতাধিক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।