কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার চিকিৎসার দাবিতে সোমবার বিক্ষোভ ডেকেছে দলটিা আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কর্মসূচি অনুযায়ী সোমবার ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর, থানা ও উপজেলা সদরে বিক্ষোভ করবে দলটি। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়ে রিজভী বলেন, ‘দেশনেত্রী এবং নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া এদেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। জনগণ হতে দেবে না।’ এজন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। এর প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন, কালো পতাকা প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি। প্রতিটি কর্মসূচিই ছিল ‘শান্তিপূর্ণ’।