আগামীকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের ২৯ তম সম্মেলন। এদিন বিকেল ৩ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এবার সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী ছাত্রলীগের নেতৃত্ব বাছাই হবে। নেতৃত্বে সঠিক লোক আনতে না পারলে জনগণের কাছে খাটো হবেন বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে একথা বলেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগ যদিও আমাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন, ছাত্রলীগের গঠনতন্ত্রে রয়েছে আমাদের নেত্রী হলেন তাদের সাংগঠনিক নেতা। নেত্রী যেখানে ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী, আর আমরাও ছাত্রলীগ করে আওয়ামী লীগে এসেছি আমাদের দায়িত্ব আছে। সম্মেলনে আমাদের সহযোগিতা থাকবে।

ছাত্রলীগের অনুপ্রেবেশের বিষয়ে এক প্রশ্নে কাদের বলেন, এটা নিয়ে যে সকল কথা, নালিশ রয়েছে সে ব্যাপারে নেত্রীর নির্দেশে আমরা সিরিয়াসলি খতিয়ে দেখছি। নেত্রী নিজেও একটা টিমকে দায়িত্ব দিয়েছেন এ বিষয়ে খতিয়ে দেখতে এবং নতুন নেতৃত্ব নির্বাচনে অনুপ্রবেশকারী কেউ যেন নেতৃত্বে স্থান না পায় সে বিষয়ে কঠোরভাবে যাচাই বাচাই হচ্ছে। সে জন্য আমরা কাজ করছি।

তিনি বলেন, ছাত্রলীগ আমাদের সংগঠন, নেতৃত্ব যদি সঠিক না হয়, তাহলে আমরাই খাটো হবো জনগণের কাছে। সে বিষয়ে কি আমাদের খেয়াল নেই? যেহেতু এর সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা তাই আমাদের তো মাথাব্যথা আছে।

ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের শিবিরের সংশ্লিষ্টতার বিষয়ে এক প্রশ্নে কাদের বলেন, অভিযোগ আসতে পারে, এ অভিযোগের সত্যতা নিয়ে আমরা খোঁজ নিয়েছি। এখনতো তার টার্ম ওভার হয়ে গেছে। ছাত্রলীগ তাকে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে তাই এ বিষয়ে আমরা প্রশ্ন তুলতে পারি না।

যৌথসভায় আরও উপস্থিত ছিলেন মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, হাছান মাহমুদ, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, অসীম কুমার উকিল, আমিনুল ইসলাম, বিপ্লব বড়ুয়া, সাদেক খান, অপু উকিল প্রমুখ।