জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিলের ওপর দ্বিতীয় দিনের শুনানি চলছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বুধবার (৯ মে) সকাল ৯টার দিকে দ্বিতীয় দিনের মতো প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেত্বত্বাধীন ৪ সদস্যর আপিল বেঞ্চে এ মামলায় জামিনের ওপর শুনানি শুরু হয়। শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা বক্তব্য তুলে ধরছেন। মাঝখানে বিরতি শেষে ফের শুনানি শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার (৮ মে) দুদক ও রাষ্ট্রপক্ষের বক্তব্য শেষে খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। পরে জামিন বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন।

‘এই মামলার পেপারবুক প্রায় রেডি হয়ে গেছে। শিগগিরই আপিল শুনানি শুরু হবে’- অ্যাটর্নি জেনারেলের এমন বক্তব্য উল্লেখ করে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘দেশের বিভিন্ন আদালতে লাখ লাখ মামলা বিচারাধীন। সেই সব মামলা বছরের পর বছরও নিষ্পত্তি হচ্ছে না। অথচ খালেদা জিয়ার মামলা নিয়ে তাড়াহুড়া করা হচ্ছে। এই মামলাটার পেছনে একটা উদ্দেশ্য আছে। তারা (সরকার) কোর্টের কথা বলে তাঁকে (খালেদা জিয়া) রাজনীতি থেকে মাইনাস করতে চায়।’

এর আগে প্রথমদিন মঙ্গলবার (৮ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেত্বত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চে খালেদা জিয়ার জামিনের ওপর শুনানি হয়। দুদক ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আপিল শুনানি মলতবি করেন আদালত।